বছরের শুরুতে জনসচেতনতা মূলক গল্প নিয়ে ছয়টি বিজ্ঞাপন নির্মাণ করছেন তরুণ পরিচালক বোরহান খান। ছয়টি গল্পের কাজ নিয়ে বছরটা শুরু করতে পারায় বেশ উচ্ছসিত এই নির্মাতা।
ইতিমধ্যে বোরহানের পরিচালনায় মহামারি করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে মাস্ক নিয়ে একটি ভিডিওচিত্র নির্মাণ করা হয়েছে। ঢাকা রেঞ্জ পুলিশের তত্ত্বাবধানে বিজ্ঞাপনটি নির্মাণ করেছে 'ড্রিমস ইন ফ্রেম' প্রোডাকশন হাউজ।
চ্যানেল আই ও জাজ মাল্টিমিডিয়া থেকে প্রচারিত হয়েছে ভিডিওটি। এছাড়াও পুলিশের বিভিন্ন অনলাইন মাধ্যমেও প্রচারিত হচ্ছে বিজ্ঞাপনটি।
মূলত মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি ও নিয়ম পালনে উদ্বুদ্ধ করতে 'জনসচেতনতা মূলক বিজ্ঞাপন' তৈরি করছে পুলিশ। আর সেই বিজ্ঞাপনগুলো নির্মাণ করছেন বোরহান খান।
পরিচালক বোরহান খান বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে আমরা মাস্কের শুটিং করেছি। ইতিমধ্যে মাস্ক নিয়ে করা কাজটি চ্যানেল আই ও জাজ মাল্টিমিডিয়া থেকে প্রচারিত হয়েছে। পর্যায়ক্রমে বাকি গল্পগুলোও দিয়েও বিজ্ঞাপন নির্মাণ হবে। সেগুলো মুক্তি পাবে বিভিন্ন অনলাইন ও স্যাটেলাইট প্লাটফর্মে।'
মোট ৬ টি সামাজিক বিজ্ঞাপন নির্মাণ করছে 'ড্রিমস ইন ফ্রেম' বিজ্ঞাপন নির্মাণ প্রতিষ্ঠান। এখন বাকি কাজগুলোর শিল্পী নির্বাচন ও প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় 'মাস্ক এর বিজ্ঞাপনে অভিনয় করেছেন চলচ্চিত্র অভিনেতা এল আর খান সীমান্ত ও মডেল আইরিন ইরানী।
পর্যায়ক্রমে বাকি গল্পগুলোয় দেখা যাবে ফজলুর রহমান বাবু, মুনমুন আহমেদ, ক্যামেলিয়া রাঙা, দুর্জয় মামুন, এইচ কে স্বাধীন, শিশু শিল্পী আরিয়ানা আরিফিনসহ বেশ কিছু পরিচিত মুখ।
এর আগেও এসব শিল্পীদের নিয়ে বেশ কিছু বিজ্ঞাপন, প্রামাণ্য চিত্র ও স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞাপনের পাশাপাশি ‘থার্ড লাভ’ নামে একটি চলচ্চিত্রের কাজও এগিয়ে নিচ্ছে প্রোডাকশান হাউজটি। যার পরিচালক হিসেবে থাকছেন বোরহান খান।
উল্লেখ্য, বোরহান খান পড়াশোনা করেছেন ইউরোপীয়ান বিশ্ববিদ্যালয়ে। শৈশব থেকেই সিনেমা দেখা আর গল্পের বইয়ের প্রতি ছিল আসক্তি। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই সাংস্কৃতিক চর্চা শুরু করেন। নিজের বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিমনা ছাত্রছাত্রীদের নিয়ে প্রথম থিয়েটার প্রতিষ্ঠা করেন। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন দেশের স্বনামধন্য সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ায় এম্বাসেডর হিসেবে কাজ করার সুযোগ পান। সেখান থেকেই তার পরিচালনার কাজ শেখার আগ্রহ ও সুযোগ তৈরি হয়।
২০১৯ সালে তার নিজের লেখা প্রথম বই ‘সবুজ প্রেম’ প্রকাশিত হয় অমর একুশে বই মেলায়। বর্তমানে তিনি ডকুমেন্টারি, স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাণ করছেন। পাশাপাশি সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন।